প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১০:১২ পি.এম
জাইকার সঙ্গে বৈঠকে শেখ রবিউল আলম: পরিবহন খাতের মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ

মুক্তমন রিপোর্ট : নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি—Japan International Cooperation Agency (জাইকা)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
বৈঠকে জাইকার অর্থায়নে দেশের পরিবহন খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের অগ্রগতি, সময়সীমা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অধীনে পরিচালিত মেট্রোরেল, চট্টগ্রাম-কক্সবাজার উন্নয়ন প্রকল্প, কাঁচপুর ২য় সেতু, মেঘনা ২য় সেতু, গোমতী ২য় সেতু এবং যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পসহ সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো কার্যক্রম।
জাইকার প্রতিনিধিদল প্রকল্পসমূহের সার্বিক বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন এবং নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে দেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এসব অবকাঠামো প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পসমূহ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাইকার অব্যাহত সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন খাতের উন্নয়নে জাপান সরকার ও জাইকার অব্যাহত সহায়তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25