বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের আভাস পাওয়া গেছে। ঈদুল আজহার পর নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সম্ভাব্য উপমন্ত্রী যুক্ত করে মন্ত্রিসভার কলেবর বাড়ানো হতে পারে বলে বিএনপি ও সরকারের একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।
সূত্রগুলো বলছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বর্তমানে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অধীনে একাধিক দফতর পরিচালিত হচ্ছে, সেখানে দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে।
বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। তবে কোনো উপমন্ত্রী নেই। সরকারের সংশ্লিষ্ট সূত্রের দাবি, আসন্ন বাজেটের পরই মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে। তবে কারা নতুন যুক্ত হচ্ছেন বা কবে ঘোষণা আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায় এবং বরকত উল্লাহ বুলুর নাম আলোচনায় রয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন্নবী খান সোহেল এবং ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের নামও আলোচনায় এসেছে।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ বিষয়ে বলেন, “এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি সময় অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।”
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে অর্থ ও পরিকল্পনা, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, বাণিজ্য ও শিল্প, কৃষি ও খাদ্য, সড়ক ও রেলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একই ব্যক্তির ওপর একাধিক দায়িত্ব থাকায় কাজের চাপ বাড়ছে। ফলে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে দায়িত্ব ভাগ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে, অতীতে বিএনপি সরকারের সময় বড় আকারের মন্ত্রিসভা গঠনের নজির রয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারে ৬০ সদস্যের মন্ত্রিসভা ছিল।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25