নিজস্ব প্রতিবেদক : আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৈনিক জনকণ্ঠ থেকে ছাঁটাই হওয়া সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাঁটাইপত্র প্রত্যাহার এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে জনকণ্ঠ ভবনের সামনে দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনকণ্ঠ ভবনের সামনে এসে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম। তিনি বলেন, আলোচনার মাধ্যমে চলমান সংকটের দ্রুত সমাধান করা প্রয়োজন। সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বসে জনকণ্ঠ কর্তৃপক্ষকে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। অন্যথায় উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, দৈনিক জনকণ্ঠের প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবদীন শিশির, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির জারিফ এবং বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসিম।
বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ ১৪০ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। তাদের দাবি, ছাঁটাই হওয়া ব্যক্তিদের অধিকাংশই দীর্ঘ ৩০ থেকে ৩৪ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। পাশাপাশি অবশিষ্ট অনেক কর্মীকেও বিভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাই ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পত্রিকার স্বাভাবিক কার্যক্রম চালু করা না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের শ্রমের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময়ে বিকশিত হয়েছে। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাংবাদিক ও কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট সবার মধ্যে সংলাপের মাধ্যমে দ্রুত সমাধানের দাবি জানান।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25