নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার মোকাবিলায় একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে।
তিনি জানান, পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ ফোর্সের জন্য ব্যবহৃত হবে।
মন্ত্রী আরও বলেন, পুলিশের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং একটি পূর্ণাঙ্গ পুলিশ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের সেবায় পুলিশকে আরও দ্রুত ও কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডিসহ সব সেবা দ্রুততম সময়ে প্রদান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “৩১ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই ধারণা বাস্তবায়ন করতে হবে।”
সভায় পুলিশের আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25