নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। তিনি বলেন, দায়িত্ব যেখানেই হোক, পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করাই একজন কর্মকর্তার মূল দায়িত্ব।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা কেউই চিরস্থায়ী নই। অতীত ও বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস সেটাই প্রমাণ করে। একইভাবে প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। তাই পছন্দের পোস্টিং বা পদোন্নতির চেয়ে দায়িত্ব পালনে পেশাদার মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দক্ষ, সৎ ও নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, “যার যেখানে দায়িত্ব, সেই দায়িত্ব গুরুত্বসহকারে পালন করতে হবে। শুধুমাত্র পছন্দের জায়গায় পোস্টিংয়ের প্রত্যাশা করলে তা পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়।”
সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনগণের আস্থার প্রতীক হিসেবে দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, পুলিশের সাফল্য মানেই সরকারের সফলতা। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আইনগত ও মানবিক।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস ও অপশাসনের বিরুদ্ধে কোনো আপস করবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে বিবেচনার বিষয়।
তিনি আরও বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে অপরাধের ধরন বদলে গেছে। বর্তমানে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম মোকাবিলায় পুলিশ সদস্যদের আরও দক্ষ ও বহুমুখী প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
পুলিশ সদস্যদের কল্যাণে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25