মুক্তমন রিপোর্ট : দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক পানি প্রযুক্তি প্রতিষ্ঠান VA Tech Wabag Ltd-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাইলেশ কুমারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই দ্রুততার পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বিশেষভাবে বুড়িগঙ্গা নদী-র পানির মান নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে এর আগের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25