রাঙ্গামাটি, ৬ মে ২০২৬:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্য আহরণকারীদেরও কৃষক কার্ডের আওতায় আনা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সাধারণ জনগণের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদ বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতে এই হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ আহরণ করা হলেও বর্তমানে সেই উৎপাদন কমে গেছে। আজ যে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে, তা বড় হয়ে এখানকার মৎস্যজীবীরাই আহরণ করবেন। এজন্য সবাইকে নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার সবসময় মৎস্যজীবীদের পাশে রয়েছে। মাছের উৎপাদন বাড়াতে পোনা মাছগুলোকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, যাতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি জেলেরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারেন। এ লক্ষ্যে তিনি তিন মাস মাছ আহরণ বন্ধ রাখার আহ্বান জানান।
কাপ্তাই হ্রদকে জাতীয় সম্পদ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে দেশি-বিদেশি পর্যটকরা প্রতিনিয়ত ভ্রমণে আসেন। তাই হ্রদে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, সচেতনতা বাড়ানো গেলে কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত রাখা সম্ভব হবে। পাশাপাশি হ্রদের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় খনন কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-এর চেয়ারম্যান মো. ইমাম উদ্দীন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিজিবির রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদনির্ভর ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে প্রথম ধাপে পরিবারপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে। এছাড়া চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে ৬০ মেট্রিক টনের বেশি মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএফডিসি।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25