মুক্তমন ডেস্ক : সারাদেশে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শূন্য পদ পূরণে ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে ২ হাজার ৮৭৯ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় আগামী ১৮০ দিনের মধ্যে ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হবে। এতে শিক্ষার্থীরা সহজেই অনলাইন শিক্ষা উপকরণে প্রবেশ করতে পারবে।
এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নির্দিষ্ট আয়তনের উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে।
তিনি আরও বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। যোগ্যতার প্রমাণপত্র (COE) অনুযায়ী এখন থেকে সহজে এ ঋণ পাওয়া যাবে।
সরকারের এ উদ্যোগকে জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25