মুক্তমন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে গত ২৪ ঘণ্টার আলোচনা “খুব ভালো” হয়েছে এবং একটি সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা “খুবই বেশি”। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “তারা চুক্তি করতে চায়। গত ২৪ ঘণ্টায় আমাদের আলোচনা খুব ইতিবাচক ছিল এবং আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি।” তিনি আরও বলেন, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এবং তারা এ বিষয়েও সম্মত হয়েছে।”
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, “তারা যদি সম্মত হয়, তাহলে সব শেষ। আর যদি সম্মত না হয়, তাহলে আমরা হামলা চালাব।”
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। সম্ভাব্য চুক্তির আওতায় যুদ্ধ বন্ধ এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে বিস্তারিত আলোচনার প্রস্তাব রয়েছে।
পরবর্তী আলোচনায় হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়গুলো গুরুত্ব পাবে।
খসড়া চুক্তি অনুযায়ী, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করবে এবং জব্দকৃত ইরানি অর্থ ছাড় দেওয়ার বিষয় বিবেচনা করবে।
তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার সময়সীমা নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরান পাঁচ বছরের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র ২০ বছরের সময়সীমা চেয়েছে বলে জানা গেছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো পর্যালোচনায় রয়েছে। অভ্যন্তরীণ মূল্যায়ন শেষে পাকিস্তানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25