
মুক্তমন রিপোর্ট :রাজধানীর পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্নাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মুন্না অস্ত্রসহ নাশকতা চালানোর উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। এর আগে পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় তাকে আটক করা হয়।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে মুন্না স্বীকার করেন, তার ব্যবহৃত অবৈধ অস্ত্র তুরাগ থানাধীন হরিরামপুরে নিজ বাংলো বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না আরও স্বীকার করেন, উদ্ধারকৃত অস্ত্র তিনি রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। একই সঙ্গে এসব অস্ত্র ভাড়ায় পেশাদার অপরাধীদের কাছে সরবরাহ করতেন, যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হতো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25