মুক্তমন রিপোর্ট :শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা–১৮ আসনে আয়োজিত এক মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে দক্ষিণখানে ৫০০ শয্যা বিশিষ্ট একটি সরকারি মেডিকেল হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
রবিবার সকালে ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদের সামনের মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা–১৮ আসনের উত্তরখান ও দক্ষিণখান এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। জনসংখ্যা দ্রুত বাড়লেও এখানে কোনো সরকারি মেডিকেল কলেজ বা বড় হাসপাতাল নেই। ফলে সাধারণ মানুষকে সামান্য চিকিৎসার জন্যও দূরের হাসপাতালে ছুটতে হয়। এই ভোগান্তি দূর করতে চারটি ওয়ার্ডের জন্য দক্ষিণখানে একটি আধুনিক ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা–১৮ আসনে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হবে। এই হাসপাতাল উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার রাজনীতি করে। স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার। প্রতিটি এলাকায় প্রাথমিক থেকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি মানবিক ও দক্ষ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষ সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পাবে।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পর্কে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর জন্মবার্ষিকীতে ড্যাবের এই উদ্যোগ বিএনপির মানবিক রাজনীতিরই প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, পানি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানসহ একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা–১৮ গড়ে তোলার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ড্যাবের চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25