
মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, নারীদের অধিকার রক্ষায় ঘর ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে। তিনি বলেন, নারীর নিরাপত্তা ও মর্যাদা কোনো বিশেষ সুবিধা নয়; এটি নারীর মৌলিক অধিকার। নারীরা নিরাপদ ও সম্মানিত না হলে দেশের সার্বিক অগ্রগতি কখনোই সম্ভব নয়।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উত্তরার দক্ষিণখান থানার মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান থানার মহিলা শাখার উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১৮ আসনের নারীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল ইসলাম বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সার্ভিস চালু করা হবে। একই সঙ্গে গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার বিগত ১৭ বছরের শাসনামলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাধীনতার পর থেকে বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় প্রকৃত অর্থে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যা’-কে বিজয়ী করা সময়ের দাবি।
আরিফুল ইসলাম আরও বলেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়; এটি ভারতসহ অন্যান্য রাষ্ট্রের আধিপত্যবাদ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। একই সঙ্গে এটি দেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও জীবনযাপনের স্বাধীনতা রক্ষার নির্বাচন।” এসব লক্ষ্য সামনে রেখেই এনসিপি-জামায়াতে ইসলামীসহ ১০ দল নিয়ে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট গঠন করা হয়েছে বলে তিনি জানান।
জামায়াত-এনসিপি সমর্থিত এই প্রার্থী বলেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর মূল অঙ্গীকার হলো সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিএনপির সমালোচনা করে আরিফুল ইসলাম বলেন, বর্তমানে বিএনপি সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শুধু বিরোধী পক্ষ নয়, তাদের নিজেদের নেতাকর্মীরাও হামলা, আহত ও নিহতের শিকার হচ্ছে। যারা নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান পশ্চিম থানা আমীর আবু সাঈদ শাহনাওয়াজ, নায়েবে আমীর মো. মামুন, সেক্রেটারি আলী হোসাইন মুরাদ, মহিলা বিভাগের উত্তরা পূর্ব জোন পরিচালিকা মর্জিনা খাতুন ও দক্ষিণখান পশ্চিম থানা সেক্রেটারি ফাতেমা ইয়াছমিন রুমা প্রমুখ।
সমাবেশ শেষে দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড, বনবিথি আবাসিক এলাকা, আজমপুর ব্র্যাক মার্কেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আরিফুল ইসলাম। এ সময় সংহতি জানিয়ে হাত হারানো আলোচিত ‘জুলাই যোদ্ধা’ আতিকুল গাজী কর্মসূচিতে অংশ নেন।
এর আগে সকাল ১০টায় কসাইবাড়ি রেলগেট এলাকা থেকে শাপলা কলি প্রতীকের প্রচারণায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি কসাই বাজার হয়ে মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25