কুমিল্লা প্রতিনিধি:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন করছে। কৃষকের টেকসই উন্নয়ন এবং কৃষি খাতের অগ্রগতি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (২৫ মে), কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫–২৬ অর্থবছরের “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এবং B-STRONG প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কৃষক গ্রুপের মাঝে ধান কাটার যন্ত্র (রিপার), ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি (LLP), ক্যানভাস পাইপ ও হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, কৃষকদের আর্থিক সুরক্ষা, উৎপাদন ব্যয় কমানো, কৃষি যান্ত্রিকীকরণ সম্প্রসারণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষকের অর্থনৈতিক ভিত্তি মজবুত করা জরুরি।
মোহাম্মদ আমিন উর রশিদ জানান, সরকার কৃষি ঋণ মওকুফ, কৃষক নিবন্ধন ও কৃষক কার্ড কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু করেছে। একইসঙ্গে খাল পুনঃখনন ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় কমাতে কৃষি যান্ত্রিকীকরণ এখন সময়ের দাবি। ইউনিয়নভিত্তিক কৃষক সমিতি ও সংগঠনের মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা সম্প্রসারণ করা হবে।
মন্ত্রী মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষকের সমস্যা সমাধানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত পরামর্শসেবা জোরদার করতে হবে।
এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশের কোনো জমি বা জলাশয় অনাবাদি রাখা হবে না। প্রতিটি উৎপাদনক্ষম সম্পদকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে মো: জিয়া হায়দার চৌধুরী, মোহাম্মদ রাশেদ হাসনাত, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ রেজাউল করিম ভূঁইয়া, ফাতেমা তুজ জোহরা, মোহাম্মদ নিজাম উদ্দিন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25