শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবকের মাঝে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, সমাজসেবক মো. আব্দুর রহিম এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম বলেন, ফেইথ ইন এ্যাকশন ইতোমধ্যে গাবুরায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, দুর্গম গাবুরা এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা রয়েছে। এ অবস্থায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের কার্যক্রম স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, বিতরণকৃত উপকরণ তখনই সার্থক হবে, যখন স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করবেন। তিনি স্থানীয় জনগণের কল্যাণে কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানান।
প্রকল্প সূত্রে জানা যায়, ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবকের মধ্যে মোট ১৫টি ফার্স্ট এইড বক্স, ১৫টি ছাতা, ১৫টি রক্তচাপ মাপার যন্ত্র (বিপি মেশিন), ১৫টি পালস অক্সিমিটার, ১৫টি গ্লুকোমিটার, ১৫টি থার্মোমিটার, ৪টি নেবুলাইজার এবং চিকিৎসাসামগ্রীসমৃদ্ধ ১৫টি সেট বিতরণ করা হয়েছে। এসব সেটে সফট রোল, মেডিকেল টেপ, গ্লাভস, পোভিডন-আয়োডিন, হেক্সিসল, তুলা, ওরস্যালাইন ও বার্ন ক্রিমসহ প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25