
চাঁপাইনবাবগঞ্জ | মাহিদুল ইসলাম ফরহাদ
আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বিদেশি জাতের ‘ব্যানানা ম্যাঙ্গো’ চাষ। থাইল্যান্ডের এই বিশেষ জাতের আম চাষ করে আলোচনায় এসেছেন সদর উপজেলার আতাহার দক্ষিণ শহর এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা শ্রী পলাশ কর্মকার।
পলাশ কর্মকারের ১০ বিঘা জমির বাগানে এখন দৃষ্টি কাড়ছে লম্বাকৃতির ‘ব্যানানা ম্যাঙ্গো’। কলার মতো আকৃতির হওয়ায় এ আমের এমন নামকরণ। তার বাগানে প্রায় ২ হাজার আমগাছ রয়েছে, যেখানে রুপালি, কাটিমন, বারো-ফোর ও গৌড়মতি জাতের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে এই বিদেশি আম।
গত পাঁচ বছর ধরে আম চাষের সঙ্গে যুক্ত পলাশ জানান, থাইল্যান্ডে এই আম বছরে দুইবার ফলন দেয়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও একই ফলন নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন,
“কিছু গাছে এখন বড় আমের পাশাপাশি নতুন মুকুলও এসেছে। এতে বছরে দুইবার ফলনের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি এটি সফল হয়, কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন।”
শুধু স্থানীয় বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও এই আম রপ্তানির পরিকল্পনা করছেন পলাশ। তার মতে, ‘ব্যানানা ম্যাঙ্গো’র বিশ্ববাজারে ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি বলেন,
“আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। তবে সংরক্ষণের জন্য উন্নত হিমাগার না থাকায় আমরা সমস্যায় পড়ি। সরকারি উদ্যোগে হিমাগার স্থাপন হলে রপ্তানি আরও সহজ হবে।”
পলাশের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় অন্যান্য কৃষকদের মাঝেও আগ্রহ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে বছরে দুইবার ফলন নিশ্চিত করা গেলে এবং রপ্তানি ব্যবস্থাপনা উন্নত হলে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পে নতুন বিপ্লব ঘটতে পারে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25