ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুরে অবস্থিত প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ইছহাকীয়া এতিমখানা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে বই সংকট ও প্রশাসনিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার প্রায় ১৩২ জন শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষের চার মাস পার হলেও এখনো সরকারি প্রাথমিক পাঠ্যবই পায়নি।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হক ইচ্ছাকৃতভাবে সাধারণ শাখার শিক্ষার্থীদের বই সরবরাহ বন্ধ রেখে নূরানী শাখায় বই বিতরণ করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বই সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি একই প্রতিষ্ঠানে দুই পদে থেকে দ্বৈত বেতন গ্রহণ করছেন। পাশাপাশি শিক্ষকদের সরকারি ভাতা থেকে অর্থ কর্তন এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগও উঠে এসেছে।
আরও জানা যায়, অধ্যক্ষ নিজের ইচ্ছামতো শিক্ষকদের বেতন নির্ধারণসহ নানা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে আসছেন। এর আগে গত ৫ এপ্রিল দুইটি পত্রিকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনাও প্রকাশিত হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
একসময় সুনামের সাথে পরিচালিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে শিক্ষার পরিবেশ হারাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অধ্যক্ষ মোজাম্মেল হকের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত সমাধানের জন্য ফেনী জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25