সুনামগঞ্জ, ২৪ এপ্রিল ২০২৬:
সুনামগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সব সেক্টরের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি বোরো ফসলসহ চলমান উন্নয়নমূলক কার্যক্রমে প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেন এবং সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সংবাদের প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি আল হেলালসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে কিছু বিষয়ে উত্তপ্ত আলোচনা ও মতবিরোধের সৃষ্টি হয়। জুলাইযোদ্ধা গেজেট সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের মধ্যে তর্ক-বিতর্ক দেখা দেয়। এসময় সংশ্লিষ্ট এক সাংবাদিক আদালতে দায়ের করা রিট পিটিশনের বিষয়টি তুলে ধরেন এবং বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করার আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও পেশাগত সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিভেদ ভুলে জেলার উন্নয়ন, বিশেষ করে কৃষি ও ফসল উৎপাদনে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25