বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এ অংশ নিবে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষক ও আয়োজকরা
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষক ও আয়োজকরা

মকবুল হোসেন : বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ অংশ নিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তিন দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের নির্বাচিত ৩৬টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন করা হবে।

বাকৃবি গবেষকদের প্রত্যাশা, মেলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত কৃষি ও প্রযুক্তিভিত্তিক গবেষণাগুলো মাঠপর্যায়ে পৌঁছানোর পাশাপাশি এসব উদ্ভাবন বাস্তব প্রয়োগ ও বাজারজাতকরণের সুযোগ তৈরি হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ইনোভেশন ফেয়ার কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার লক্ষ্য দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা।

আয়োজকদের মতে, গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ এবং বাজারজাতকরণের সঙ্গে যুক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলাই মেলার অন্যতম উদ্দেশ্য। এর ফলে তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাজারমুখী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও তা কাজে লাগানো সম্ভব হবে।

মেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তিনটি স্টলের মাধ্যমে অংশ নেবে। এসব স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের নির্বাচিত ৩৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

বাকৃবির গবেষণা ও উদ্ভাবন প্রদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঞা। সদস্য সচিব হিসেবে রয়েছেন এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর।

আয়োজকরা আশা প্রকাশ করেন, তিন দিনব্যাপী মেলায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, ইনোভেশন ফেয়ার কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর, বাকৃবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম, ফিশারিজ টেকনোলজির অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মারজিয়া রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

মেলায় কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণিজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন উদ্ভাবন, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ প্রদর্শন করা হবে। পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে নিয়ে নির্মিত ভিডিও, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমের পোস্টার, লিফলেট ও ভিডিও প্রদর্শন করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এবং বড় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে। উদ্ভাবন প্রদর্শনীর পাশাপাশি তিন দিনে ছয়টি প্লেনারি সেশন, ছয়টি প্যারালাল সেশন ও পাঁচটি গোলটেবিল বৈঠকসহ মোট ১৭টি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ প্রতিনিধি