এডিবির সম্মেলনে ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী

এডিবির সামাজিক সুরক্ষা বিষয়ক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
এডিবির সামাজিক সুরক্ষা বিষয়ক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

মুক্তমন রিপোর্ট : ফ্যামিলি কার্ডকে সর্বজনীন সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, বাংলাদেশের এই কর্মসূচিকে শুধু দেশের অভ্যন্তরীণ উদ্যোগ হিসেবে নয়, বরং বিশ্বব্যাপী সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা প্রয়োজন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদর দপ্তরে আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক সোশ্যাল প্রোটেকশন উইক ২০২৭’-এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের বাস্তব প্রয়োজনের সঙ্গে সহায়তার সমন্বয় ঘটানো। বাংলাদেশের অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার মাধ্যমে এ খাতে বিভিন্ন দেশের মধ্যে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের সীমাবদ্ধতা ও আয়বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সামাজিক সুরক্ষাব্যবস্থা জরুরি। বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকিতে থাকা পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় নিয়ে সহায়তা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ।

অন্তর্ভুক্তিমূলক সুরক্ষাব্যবস্থায় গুরুত্ব

ফারজানা শারমিন পুতুল বলেন, সামাজিক সুরক্ষাব্যবস্থাকে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সমাজের বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। উপকারভোগীদের প্রয়োজন যথাযথভাবে চিহ্নিত করে তাদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা শুধু আর্থিক সহায়তা দেওয়ার বিষয় নয়। কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সহায়তা বিতরণে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা নিশ্চিত করাও প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে সামাজিক সুরক্ষা কর্মসূচি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ম্যানিলায় এডিবির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বৃহত্তর বৈশ্বিক সামাজিক সুরক্ষার প্রেক্ষাপটে বিবেচনার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

Muktomon/TA