মুক্তমন রিপোর্ট : কৃষির অগ্রগতি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত কৃষিবিদরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয় উত্তরা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সুপ্রভাত ও নাস্তার মিলনমেলা’ অনুষ্ঠানে কৃষিবিদরা এ প্রত্যয় ব্যক্ত করেন। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে উত্তরায় বসবাসরত প্রায় তিন শতাধিক কৃষিবিদ অংশ নেন।
উত্তরা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সুপ্রিম সিডের স্বত্বাধিকারী কৃষিবিদ মো. মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. আবুল হোসেন।
অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আব্দুল বাকী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফরি তুহিন এবং এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সভাপতি ও মাইক্রো ফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর কৃষিবিদ কামরুজ্জামান কায়সারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বক্তারা দেশের কৃষির উন্নয়ন, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিদদের আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। কৃষির আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উত্তরায় বসবাসরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গবেষক, শিক্ষক, উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দীর্ঘদিন পর সহকর্মীদের এমন মিলনমেলা পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করবে বলে আয়োজকরা জানান।
উত্তরা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষিবিদদের অভিজ্ঞতা ও দক্ষতাকে সমন্বিতভাবে কাজে লাগানো প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে কৃষিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের কৃষির স্বার্থে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।