মায়ামিতে মেসির খেলা দেখে মুগ্ধ সামিরা খান মাহি

মায়ামির নু স্টেডিয়ামে লিওনেল মেসির খেলা দেখতে গ্যালারিতে অভিনেত্রী সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা
মায়ামির নু স্টেডিয়ামে লিওনেল মেসির খেলা দেখতে গ্যালারিতে অভিনেত্রী সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা

মুক্তমন রিপোর্ট : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন ঢালিউড অভিনেত্রী সামিরা খান মাহি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইন্টার মায়ামির ম্যাচ উপভোগের সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন মাহি। ছবিগুলোতে যুক্তরাষ্ট্রের মায়ামির নু স্টেডিয়ামে তাঁর সঙ্গে আরও দুই বান্ধবীকে দেখা যায়। তাঁদের একজন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবিগুলোতে তিন বান্ধবীর উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত ফুটে উঠেছে। একটি ছবিতে দেখা যায় ফুটবল তারকা লিওনেল মেসিকেও।

পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।’

গত ১৫ অক্টোবর নু স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি গোল না পেলেও তাঁর দল ২-০ ব্যবধানে জয় পায়। সেই ম্যাচের গ্যালারিতেই উপস্থিত ছিলেন মাহি ও মিথিলারা। ম্যাচের কয়েক দিন পর সেই স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

এর আগে ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মাহি ও মিথিলা। অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ঘুরে দেখেছেন তাঁরা। সেই সফরেই মেসির খেলা সরাসরি দেখার অভিজ্ঞতা যোগ হলো মাহির স্মৃতিতে।

সূত্র : ঢাকা পোস্ট

Muktomon/TA