মুক্তমন রিপোর্ট : ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পরিবর্তিত নামের একটি মানচিত্রের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালী রাখা উচিত???”
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
ভৌগোলিকভাবে হরমুজ প্রণালি ইরানের ভূখণ্ডের অংশ। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের কোনো সমস্যা ছিল না।
তবে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইরান হরমুজ প্রণালি ব্যবহার করতে ইচ্ছুক বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করায় দেশটির বন্দরে কোনো দেশি-বিদেশি জাহাজ প্রবেশ বা সেখান থেকে বের হতে পারছে না।
এক মাসেরও বেশি সময় ধরে চলা ‘অনানুষ্ঠানিক বিরতির’ পর রোববার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে। সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজ গোপনে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়ায়। সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
এর আগে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাশয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার কিছুদিন পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন তিনি।
এরপর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী লেক অন্টারিও-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা লেক’ রাখার উদ্যোগ নেন তিনি।
এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রস্তাবিত ‘ট্রাম্প প্রণালি’।