মুক্তমন রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন আনা হয়েছে। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাথু ব্রিৎজকে। পাশাপাশি দ্বিতীয় টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন রায়ান রিকেলটন।
ডারবানে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২১৪ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বৃহস্পতিবার দলীয় পরিবর্তনের বিষয়টি জানান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।
প্রথম টেস্টের দুই ইনিংসে স্টাবসের সংগ্রহ ছিল যথাক্রমে ৩২ ও ১ রান। সব মিলিয়ে করেন মাত্র ৩৩ রান। তার জায়গায় দলে ফেরা ব্রিৎজকে এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি টেস্ট খেলেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
ব্রিৎজকেকে দলে নেওয়ার বিষয়ে কনরাড বলেন, ওয়ানডেতে তার সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রেখেছে। পাশাপাশি তার মানসিকতা ও ব্যক্তিত্বও বিবেচনায় নেওয়া হয়েছে।
উইকেটকিপিংয়েও পরিবর্তন আনছে দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরেইনের পরিবর্তে গ্লাভস হাতে দেখা যাবে রিকেলটনকে। তবে উইকেটকিপিংয়ের দায়িত্ব পাওয়ার পরও রিকেলটন ওপেনিংয়ে ব্যাটিং করবেন, নাকি ব্যাটিং অর্ডারে নিচে নামবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে অবশ্য রয়েছেন ভেরেইনও।
দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার জন্য আরেকটি স্বস্তির খবর হতে পারে কাগিসো রাবাদার ফেরা। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি এই পেসার। তবে দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।