বড় পর্দায় নিশো-মেহজাবীন জুটি, ঈদে আসতে পারে ‘পুলসিরাত’

‘পুলসিরাত’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী
‘পুলসিরাত’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

মুক্তমন রিপোর্ট : টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন। নির্মাতা ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে তাদের।

সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপরই সিনেমাটিতে তাদের অভিনয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ‘পুলসিরাত’ সিনেমার প্রস্তুতি চলছে। আগামী জানুয়ারির শুরুতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় এক মাস টানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সূত্রের দাবি, রোজার ঈদকে সামনে রেখে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জানুয়ারিতে শুটিং এবং ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করে আগামী মার্চে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে নিশো-মেহজাবীন জুটির পাশাপাশি নির্মাতা ভিকি জাহেদেরও।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রযোজনায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে।

এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে একসঙ্গে কাজ করেছেন নিশো ও মেহজাবীন। এবার তাদের সেই পরিচিত রসায়ন বড় পর্দায় কেমন প্রতিক্রিয়া তৈরি করে, সেটিই দেখার অপেক্ষা।

Muktomon/TA