ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু

ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান
ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান

মকবুল হোসেন : নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে ময়মনসিংহে পুলিশ সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

উদ্বোধনী বক্তব্যে ডিআইজি বলেন, প্রশিক্ষণটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দায়িত্ব পালনে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলমসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA