মুক্তমন রিপোর্ট : দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যার বিষয়েও তাঁর দৃষ্টি আকর্ষণ করে। তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
এ ছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা। তিনি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে তাঁর সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA