মুক্তমন রিপোর্ট : জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন। হইচইয়ের আয়োজনে নতুন সিরিজের ঘোষণা এসেছে, যেখানে আগের মতোই ঠাকুমার চরিত্রে দেখা যাবে তাকে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। সেখানে তার নতুন কাজের খবর সামনে আসে।
বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে নির্মিত ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের প্রথম সিজনে ঠাকুমার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন শ্রাবন্তী। চলতি বছরের মার্চে সিরিজটি মুক্তি পায়।
প্রথম সিজনের সাফল্যের পর এবার নতুন পরিচালক নিয়ে ফিরছে সিরিজটি। দ্বিতীয় সিজন নির্মাণ করবেন জয়দীপ মুখার্জি। ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল।
প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও অভিনয় করেছিলেন। তবে সম্প্রতি তার মৃত্যু হওয়ায় নতুন সিজনে তাকে দেখা যাবে না।
হইচইয়ের অনুষ্ঠানে শ্রাবন্তীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান নিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। নতুন কাজের ধারাবাহিকতা বাংলা বিনোদন জগতকে আরও এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন অভিনেত্রী।
Muktomon/TA