ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জনাথন ট্রট। অ্যান্ড্রু ফ্লিনটফের পর দলটির কোচের দায়িত্বে স্থায়ীভাবে বসানো হয়েছে ৪৫ বছর বয়সী ট্রটকে।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেন ট্রট। তাঁর অধীনে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় লায়ন্স। সেই দায়িত্ব পালনের পর এবার তাঁকেই স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো।
২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ট্রট। তাঁর সময়েই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে আফগানিস্তান। ইংল্যান্ডের কোচিং স্টাফে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ড দলের সঙ্গে স্বল্পমেয়াদি পরামর্শক হিসেবেও যুক্ত ছিলেন তিনি।
নতুন দায়িত্বে ট্রটকে বেশ ব্যস্ত সূচির মধ্যে কাজ করতে হবে। আগামী ২৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড লায়ন্স। এরপর ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও প্রথম শ্রেণির ম্যাচ খেলবে দলটি।
এরপর ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যাবে লায়ন্স।
খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট এবং ৭৫টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ট্রট। তিনবার অ্যাশেজজয়ী সাবেক এই ক্রিকেটারের নতুন দায়িত্বের অন্যতম লক্ষ্য হবে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা।
Muktomon/TA