ডিজেলের দাম বাড়ায় আইসিডির চার্জ বাড়ল ৯.৮৫ শতাংশ

চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিতে কনটেইনার পরিবহনের কার্যক্রম
চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিতে কনটেইনার পরিবহনের কার্যক্রম

মুক্তমন রিপোর্ট : ডিজেলের দাম বাড়ার পর বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে দেওয়া ডিজেলনির্ভর বিভিন্ন সেবার চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকডার জেনারেল সেক্রেটারি স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। নতুন চার্জ একই দিন থেকে কার্যকর হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকার ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এতে ডিজেলের মূল্য ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর ফলে বেসরকারি আইসিডিগুলোর জ্বালানিনির্ভর পরিচালন ব্যয়ও বেড়েছে। এ পরিস্থিতিতে সর্বশেষ পর্যালোচিত হারের ওপর ৯ দশমিক ৮৫ শতাংশ জ্বালানি সারচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকডার সার্কুলার অনুযায়ী, চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন বা হলেজ চার্জ এ বৃদ্ধির আওতায় রয়েছে। একইভাবে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন এবং খালি কনটেইনার ওঠানো-নামানোর (লিফট-অন/লিফট-অফ) চার্জও বেড়েছে।

এ ছাড়া রপ্তানি পণ্য স্টাফিং ও হ্যান্ডলিং প্যাকেজ এবং রপ্তানি বোঝাই কনটেইনারের ভেরিফায়েড গ্রস মাস (ভিজিএম) বা ওজন নির্ধারণের চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে।

ভিজিএম সেবার আওতায় লোড ইয়ার্ড থেকে কনটেইনার ওঠানো, ওজন মাপার স্থানে নেওয়া, ওজন নির্ধারণ এবং পুনরায় লোড ইয়ার্ডে নিয়ে নামানোর মতো কার্যক্রম রয়েছে।

আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজ চার্জও নতুন বৃদ্ধির আওতায় এসেছে।

এই সেবার মধ্যে চট্টগ্রাম বন্দর বা পিসিটি থেকে আইসিডিতে আমদানি বোঝাই কনটেইনার পরিবহন, আইসিডিতে কনটেইনার নামানো, ডেলিভারি ইয়ার্ডে স্থাপন এবং শ্রমিকসহ কনটেইনার থেকে ট্রাকে আমদানি পণ্য সরবরাহের কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

সার্কুলারে সংশ্লিষ্ট আইসিডিগুলোকে নিজ নিজ গ্রাহকদের সর্বশেষ পর্যালোচিত হারের ওপর ৯ দশমিক ৮৫ শতাংশ চার্জ বৃদ্ধির বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে আইসিডিগুলোর পরিচালন ব্যয় সরাসরি বেড়েছে। এ কারণে ডিজেলনির্ভর সেবাগুলোর বিপরীতে বর্ধিত চার্জ কার্যকর করা হয়েছে।

বিকডার পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট সেবাগুলোর সর্বশেষ পর্যালোচিত হারের ওপরই নতুন জ্বালানি সারচার্জ প্রযোজ্য হবে।

Muktomon/TA