বাফুফের নারী ফুটবলার বাছাই কর্মসূচি

সিলেট জেলা স্টেডিয়ামে বাফুফের নারী ফুটবলার বাছাই কর্মসূচি টিআইপি ২০২৬-এর খেলা
সিলেট জেলা স্টেডিয়ামে বাফুফের নারী ফুটবলার বাছাই কর্মসূচি টিআইপি ২০২৬-এর খেলা

মুক্তমন রিপোর্ট : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে শুরু হয়েছে ‘উইমেন’স ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম (টিআইপি)–সিলেট ২০২৬’। শনিবার (১০ অক্টোবর) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচগুলো। আগামীকাল রোববার (১১ অক্টোবর) একই ভেন্যুতে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাফুফের এ কর্মসূচির মূল লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী ফুটবলারদের খুঁজে বের করা, তাদের খেলার মান উন্নয়ন এবং জাতীয় পর্যায়ের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করা। এতে সিলেট জেলার মোট আটটি ফুটবল একাডেমি অংশ নিচ্ছে।

প্রথম দিনের ম্যাচের ফলাফল

শনিবারের ম্যাচগুলোতে জয় পেয়েছে সিলেট সুগন্ধা ফুটবল একাডেমি, রাজীব রাবেয়া ব্যান. ফুটবল একাডেমি, সিরাজনগর ফুটবল একাডেমি ও ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। ফলাফলগুলো হলো—

ম্যাচ ১: সিলেট সুগন্ধা ফুটবল একাডেমি ৩–০ সিটি তৃণমূল ফুটবল একাডেমি

ম্যাচ ২: রাজীব রাবেয়া ব্যান. ফুটবল একাডেমি, সিলেট ২–০ হিমু ফুটবল একাডেমি

ম্যাচ ৩: সিরাজনগর ফুটবল একাডেমি, মৌলভীবাজার ২–০ সিএসএ ফুটবল একাডেমি, মৌলভীবাজার

ম্যাচ ৪: গাতলি ফুটবল একাডেমি, হবিগঞ্জ ০–৪ ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি

ম্যাচ ৫: সিটি তৃণমূল ফুটবল একাডেমি ০–৪ হিমু ফুটবল একাডেমি

ম্যাচ ৬: সিএসএ ফুটবল একাডেমি, মৌলভীবাজার ০–২ গাতলি ফুটবল একাডেমি, হবিগঞ্জ

কাল সেমিফাইনাল ও ফাইনাল

রোববার সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সিলেট সুগন্ধা ফুটবল একাডেমি ও রাজীব রাবেয়া ব্যান. ফুটবল একাডেমি। সকাল ১০টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে সিরাজনগর ফুটবল একাডেমি, মৌলভীবাজার ও ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি।

দুপুর ১২টায় শুরু হবে ফাইনাল। দুই সেমিফাইনালের বিজয়ী দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।

এ উপলক্ষে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের ক্রীড়া ও ফটো সাংবাদিকদের যথাসময়ে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।