মুক্তমন রিপোর্ট : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রের বরাতে জানা গেছে, ফ্লাইট বিজি-৪৩৬ উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজের জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করতে পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে চক্কর দেয়।
জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত প্রায় ২৫ মিনিট সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল।
এ সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।
বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
Muktomon/TA