আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিব-তাসকিনসহ ৮ বাংলাদেশি

এপিএলের দ্বিতীয় আসরের ড্রাফটে সাকিব আল হাসানসহ বাংলাদেশের আট ক্রিকেটার
এপিএলের দ্বিতীয় আসরের ড্রাফটে সাকিব আল হাসানসহ বাংলাদেশের আট ক্রিকেটার

মুক্তমন রিপোর্ট : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আট ক্রিকেটার। এবারের ড্রাফটে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন।

বাংলাদেশের আট ক্রিকেটার হলেন—তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

বাংলাদেশিদের পাশাপাশি ড্রাফটে নাম নিবন্ধন করেছেন অন্যান্য দেশের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ থেকে গুদাকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ড থেকে লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কা থেকে চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন এই তালিকায়।

প্রথমে গত ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা করা হলেও পরে তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। টুর্নামেন্টের দ্বিতীয় আসর আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Muktomon/TA