মুক্তমন রিপোর্ট : এশিয়ান গেমসে নারী হকির নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম হয়েছে বাংলাদেশ। শুক্রবার (২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে দুই দল। ১০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে সিঙ্গাপুর। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যান বাংলাদেশের লিমা আক্তার। এই সুযোগ কাজে লাগিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন তৌ লি মিন। এতে ১-১ সমতায় ফেরে সিঙ্গাপুর।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এশিয়ান গেমসে নিজেদের প্রথম অংশগ্রহণেই নবম স্থান অর্জন করল বাংলাদেশের নারী হকি দল।
Muktomon/TA