রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুলপুর এলাকায় বালিয়া নদীর ওপর নবনির্মিত ‘মৈত্রী সেতু’র উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে সেতুটির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেতুটি চালু হওয়ায় ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। দীর্ঘদিন ধরে নদী পারাপার ও সড়ক যোগাযোগে যে ভোগান্তি ছিল, তা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, মৈত্রী সেতু চালুর ফলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি হবে। একই সঙ্গে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা। অনুষ্ঠানে এলজিইডির বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির সেতুটির নির্মাণ ব্যয় ও প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক এবং সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু; বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল; যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।
এছাড়া নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিসুর রহমান আনিস, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, গোপাল চন্দ্র দেবশর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কৃষকদল ইউনিয়ন সভাপতি ফজলে আলম শাহিন, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু, ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক হোসেন এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপনসহ পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
নবনির্মিত মৈত্রী সেতুটি চালু হওয়ায় দীর্ঘদিনের যোগাযোগ সংকট কাটিয়ে স্থানীয় মানুষের জীবনযাত্রা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
দিনাজপুর প্রতিনিধি