মুক্তমন রিপোর্ট : সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
তিনি বলেন, সব সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন ও বৈপ্লবিক পরিবর্তন সাধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের মূল ধারণা। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের পক্ষ থেকে সমন্বিত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এ অঞ্চলের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও আচার-রীতি সংরক্ষণের পাশাপাশি বিশ্বের সামনে এগুলো তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করে এখানকার বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ১৫টি পাওয়ার টিলার, নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন এবং হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবন উদ্বোধন এবং বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন বড়ুয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।