সবুজায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নতুন উদ্যোগ

কক্সবাজার সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কক্সবাজার সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মুক্তমন রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় অধিভুক্ত কলেজগুলোতে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা হবে। সরকারের নেওয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে।

উপাচার্যের দাবি, বর্তমানে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন।

সময়ের চাহিদা অনুযায়ী কারিকুলাম সংশোধনের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় কক্সবাজার সিটি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশ দেন উপাচার্য। পাশাপাশি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে কলেজটিতে একটি ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA