এনসিএলে ডিউকের বদলে কোকাবুরা, সুবিধা পেতে পারেন ব্যাটাররা

জাতীয় ক্রিকেট লিগে ব্যবহারের জন্য কোকাবুরা লাল বল
জাতীয় ক্রিকেট লিগে ব্যবহারের জন্য কোকাবুরা লাল বল

মুক্তমন রিপোর্ট : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমে লাল বলের ক্রিকেটে আবারও কোকাবুরা বলে ফিরেছে বাংলাদেশ। এবার পুরো মৌসুমেই এই বলে খেলা হবে। এতে বোলারদের তুলনায় ব্যাটাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে কোকাবুরার সঙ্গে মানিয়ে নেওয়া পেসারদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

গত মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে কোকাবুরা বলে খেলা শুরু হলেও জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ড পর আবার ডিউক বল ফিরিয়ে আনা হয়েছিল। তবে এবার পুরো প্রতিযোগিতায় কোকাবুরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিভাগের কোচ মিজানুর রহমান বাবুলের মতে, কোকাবুরা বল বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অপরিচিত নয়। তবে ডিউক ও কোকাবুরার বৈশিষ্ট্য আলাদা হওয়ায় পেসারদের নতুন করে মানিয়ে নিতে হচ্ছে।

বাবুল বলেন, পেসারদের মধ্যে কোকাবুরা বলে বেশি উইকেট পাওয়ার একটি পূর্বধারণা ছিল। তবে শুরুতে বলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও দ্বিতীয় সেশনে তারা নিজেদের গুছিয়ে নিয়ে ভালো জায়গায় বোলিং করেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়ার প্রস্তুতি নেওয়া ক্রিকেটারদের জন্য পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

সাবেক ক্রিকেটার রাজিন সালেহের মতে, ডিউক বলে বেশি সুইং ও এজ পাওয়ার সঙ্গে বোলাররা অভ্যস্ত হয়ে উঠেছিলেন। কিন্তু কোকাবুরা বলে কাঙ্ক্ষিত ফল পেতে আরও বেশি পরিশ্রম করতে হবে।

তিনি মনে করেন, এক-দুই ম্যাচ খেলার পর বোলাররা ধীরে ধীরে কোকাবুরার সঙ্গে মানিয়ে নিতে পারবেন।

Muktomon/TA