মুক্তমন রিপোর্ট : জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষ হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গিফুতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে জিমি-আমিরুলরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ।
আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া মাহবুব হোসেন একটি গোল করেন। শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করলেও তা বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি।
পুরো ম্যাচে বাংলাদেশ ১৫টির বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখে। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ হকি দলের আগের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হার হয়েছিল। এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
Muktomon/TA