মুক্তমন রিপোর্ট : দুই মাসের বেশি সময় ধরে চোটের সমস্যায় ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নেওয়ার মধ্যে আবারও কোমরের নিচের অংশে ব্যথা অনুভব করায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
গত মাসের শেষ দিকে নতুন করে চোটে পড়েন নাহিদ। এরপর স্ক্যান করানো হলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে ব্যথা পুরোপুরি না কমায় দীর্ঘ সময় বোলিং করতে পারছেন না তিনি। এ পরিস্থিতিতে দ্রুতই তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। চিকিৎসার জন্য তার কাতারে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, নাহিদের আবারও স্ক্যান করানো হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরেও নেওয়া হতে পারে। মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে এ মুহূর্তে তার ফেরার নির্দিষ্ট সময়সীমা বলা যাচ্ছে না।
চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদ রানার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে এখনই তাকে সিরিজের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হচ্ছে না।
হাবিবুল বাশার জানান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের খেলার সম্ভাবনা এখনো রয়েছে। আপাতত তাকে ঘিরে সেই সম্ভাবনা মাথায় রেখেই এগোচ্ছে দল।
Muktomon/TA