প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

ভোলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
ভোলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

মুক্তমন রিপোর্ট : তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভোলা শিল্পকলা একাডেমিতে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আয়োজিত এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প’-এর অষ্টম ব্যাচ এবং ‘এআই প্রশিক্ষণ প্রকল্প’-এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর না করে আধুনিক প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ঘরে বসেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রশিক্ষিত তরুণরা নিজেদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, প্রশিক্ষণের নামে শুধু অর্থ ব্যয় করলেই হবে না; তরুণদের বাস্তব কাজের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে তারা যেন স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি।

ক্রীড়া খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও সাঁতারসহ বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। দরিদ্র ও মেধাবী খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ ও ভর্তির সুযোগসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তরুণদের মাদক ও ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ প্রজন্ম গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও ফ্রিল্যান্সিং প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA