মুক্তমন রিপোর্টার : চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরে চলমান অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ৬-০ গোলে বিধ্বস্ত করে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মোকির মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল—না, হকি খেলতে দেখা যায় বাংলাদেশের মেয়েদের। ধারাবাহিক আক্রমণে হংকং চায়নার রক্ষণভাগকে চাপে রাখে তারা। ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।
দ্বিতীয় গোলের জন্য অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া দারুণ এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন। এরপর ২৬ মিনিটে কনা আক্তারের গোলে বাংলাদেশের লিড দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার একটুও কমেনি বাঘিনীদের। ৩১ মিনিটে মোসাম্মত লিমা গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। মাত্র দুই মিনিট পর, ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের ব্যবধান আরও বাড়ান আইরিন আক্তার রিয়া।
শেষ পর্যন্ত ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মোসাম্মত লিমা।
হংকং চায়নার বিপক্ষে বড় এই জয় দিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে টানা চার ম্যাচে জয় পেল বাংলাদেশ নারী দল। চীনের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্স বাংলাদেশের নারী হকির জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন।
দলের এই সাফল্যে বাংলাদেশ হকি ফেডারেশনসহ দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে খেলোয়াড় ও কোচিং স্টাফদের।