ভিয়েনায় বিজ্ঞানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের বৈঠক

ভিয়েনায় রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের বৈঠক
ভিয়েনায় রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের বৈঠক

মুক্তমন রিপোর্ট : অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের (Alexey Likhachev) মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড অনুসরণ এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে রোসাটমের মহাপরিচালক প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।