সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কবিষয়ক সেমিনারে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কবিষয়ক সেমিনারে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মুক্তমন রিপোর্ট : শিগগিরই সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। উপযুক্ত সময়ে এ সফর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ ও সৌদি আরবের নিরাপত্তা সহযোগিতা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের শক্তিশালী অংশীদার। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়েও ইতিবাচক আলোচনা চলছে।

তিনি বলেন, কোনো প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে এবং দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলে সরকার সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শান্তিরক্ষায় অর্জিত দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগও রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক জোরদারে সেমিনার

‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।

Muktomon/TA