মুক্তমন রিপোর্টার : আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬’। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর পল্টনে অবস্থিত শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।
প্রথমবারের আয়োজনে লিগে অংশ নিচ্ছে মোট চারটি দল। দলগুলো হলো—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্বের শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে রানার্সআপ ঘোষণা করা হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ২০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই লিগের মাধ্যমে দেশের হ্যান্ডবল খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতামূলক খেলার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়ে হ্যান্ডবলের উন্নয়ন ও প্রসারেও ‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Muktomon/TA