আজিল ইমিগ্রেশন ডিপোতে ৮৫ বাংলাদেশির সঙ্গে হাইকমিশনের সাক্ষাৎ

 মালয়েশিয়ার আজিল ইমিগ্রেশন ডিপোতে আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে হাইকমিশনের উদ্যোগ
মালয়েশিয়ার আজিল ইমিগ্রেশন ডিপোতে আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে হাইকমিশনের উদ্যোগ

মুক্তমন রিপোর্ট : মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে কারাদণ্ড ভোগের পর ইমিগ্রেশন ডিপোতে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে দেশটির তেরেঙ্গানু রাজ্যের আজিল ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনের প্রতিনিধিরা।

গত ৬ অক্টোবর হাইকমিশনের লেবার কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজিল ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে। এ সময় সেখানে আটক ৮৫ জন বাংলাদেশির সঙ্গে কথা বলেন তাঁরা।

পরিদর্শনকালে প্রতিনিধি দল আটক ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা ও কনস্যুলার সেবা দেয়। পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও করে দেওয়া হয়।

পরে ইমিগ্রেশন ডিপোর কমান্ডারের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনের প্রতিনিধিরা। বৈঠকে আটক বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়। কর্তৃপক্ষ এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়।

ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের টিকিট পাওয়া সাপেক্ষে আটক বাংলাদেশিরা পরবর্তী ফ্লাইটে দেশে ফিরতে পারবেন।

মালয়েশিয়ায় কর্মসংস্থান, ভিসার শর্ত লঙ্ঘন ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত জটিলতায় অনেক বাংলাদেশি আটক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈধভাবে কাজের ভিসায় গিয়ে কর্মসংস্থান না পাওয়া, দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় প্রবেশ করে নির্ধারিত সময়ের পরও অবস্থান করা এবং ভিসার শর্তের বাইরে কাজ করার মতো বিষয়েও অনেকে আইনি জটিলতায় পড়েন।

এসব বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ করতে হাইকমিশন নিয়মিত মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে। আটক ব্যক্তিদের কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি দ্রুত প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Muktomon/TA