নিজস্ব প্রতিবেদক: নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সফল হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল দুই দিনব্যাপী ক্যাম্পাসকেন্দ্রিক কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ক্যাম্পাস বন্ধের দিনগুলোর যেকোনো একদিন ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিটি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন। এ সময় ক্যাম্পাসের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
ছাত্রদল সভাপতি বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের। তবে পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। ছাত্রদল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিজেদেরও সরাসরি এ কাজে সম্পৃক্ত করতে চায়।
তিনি বলেন, ‘আমরা শুধু লোক দেখানো কিংবা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। সত্যিকার অর্থে মন থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ার চেষ্টা করছি।’
ঢাকা কলেজ ছাত্রদলের কার্যক্রমের প্রশংসা করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের প্রতিটি ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্রদল ভূমিকা পালন করে যাচ্ছে। তবে ঢাকা কলেজ ছাত্রদল এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর ক্যাম্পাসে পূর্ণভাবে কার্যক্রম শুরু করার পর থেকেই ঢাকা কলেজ ছাত্রদল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে স্বপ্রণোদিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ফলে ক্যাম্পাসটি মোটামুটি পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে।
ঢাকা কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। তিনি এ ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, একটি নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই সফল হবে।
Muktomon/TA