খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক

এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা ভুইয়া
এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা ভুইয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও বিভিন্ন সংকটময় সময়ে খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানায় শিশু কল্যাণ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, প্রতিষ্ঠার সময় থেকেই এনডিপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আবারও সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী শক্তি ও পতিত ফ্যাসিবাদী শক্তির অনুসারীরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা দলটির প্রতিষ্ঠাতা জাতীয় নেতা আনোয়ার জাহিদ ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের মাধ্যমে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে খালেদা জিয়া সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, আরজেএফ সভাপতি মো. জহিরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মো. আজগর হোসেন এবং বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব মিতা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।