মুক্তমন রিপোর্ট : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর স্নিগ্ধ সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূর্ণিমা। ছবিতে তাকে নান্দনিক জামদানি শাড়িতে দেখা যায়। খোঁপায় ফুলের সাজ ও বাঙালিয়ানার আবহ তার পুরো উপস্থিতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’ তার এই ক্যাপশনও ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ছবিগুলো প্রকাশের পর পূর্ণিমার সাজ ও ফ্যাশন নিয়ে প্রশংসা করেছেন অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর নতুন লুকের প্রশংসা করেছেন।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভাবনা শেয়ার করেন এই অভিনেত্রী।