মঈনউদ্দিন মনি : জিন্নাহর রাজনৈতিক দর্শনকে ধর্ম ও মানবতার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি মুসলিম লীগের রাজনীতিরও সমালোচনা করে বলেছেন, ধর্মের নামে পরিচালিত সাম্প্রদায়িক রাজনীতি ইসলামের মানবিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আল্লামা ইমাম হায়াত বলেন, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিভিন্ন সংকট ও দুর্দশার সঙ্গে সাম্প্রদায়িক রাজনীতির সম্পর্ক রয়েছে। ১৯৪৭ সালের দেশভাগের রাজনীতি উপমহাদেশে ধর্মীয় বিভাজনকে আরও গভীর করেছে বলেও মন্তব্য করেন তিনি।
জিন্নাহকে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতি নয়। তাঁর মতে, রাষ্ট্র পরিচালনার ভিত্তি হওয়া উচিত সব নাগরিকের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুযায়ী সব ধর্ম ও মতের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার মাধ্যমেই মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আল্লামা ইমাম হায়াতের দাবি, সাম্প্রদায়িক ও স্বৈরাচারী রাজনীতির পরিবর্তে মানবতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা না গেলে সহিংসতা, নিপীড়ন ও বৈষম্য থেকে স্থায়ী মুক্তি অর্জন কঠিন হবে।
তিনি ধর্মীয় সম্প্রীতি, মানবিক মর্যাদা এবং সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
চট্টগ্রাম প্রতিনিধি
Muktomon/TA