আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার, হাসপাতালে এলজিআরডি মন্ত্রী

আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী
আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন তিনি এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে তারা জরুরি ভিত্তিতে হাসপাতালে এসেছেন। জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

ড. আবদুল মঈন খান আরও বলেন, সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA